আইওএমের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে আরও গুরুত্ব দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (২৮শে জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে বাংলাদেশ ও আইওএমের প্রায় দুই দশকের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর মানবপাচার, বিশেষ করে সাইবার মাধ্যম ব্যবহার করে সংঘটিত পাচার রোধে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়ন এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাও আলোচনার অন্যতম বিষয় ছিল।

ড. লরা টম-বন্ড জানান, আইওএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে আগামী ৪ঠা আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত মিশন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইওএমকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশলের জাতীয় বৈধকরণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইওএম।

আলোচনায় মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব এবং আইওএমের কারিগরি সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। সংস্থাটি নীতিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক তহবিল সংগ্রহে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আইওএমের ন্যাশনাল কনসালটেন্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *