দিনাজপুরের বিরামপুরে আয়োজিত চাকরি মেলায় তরুণদের শুধু চাকরির সন্ধানে সীমাবদ্ধ না থেকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় দক্ষতা ও আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও সরকার বদ্ধপরিকর।
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘চাকরি মেলা দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুবসমাজের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটানো এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য। তরুণদের শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরির চিন্তা করতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ ধরনের চাকরি মেলা তরুণদের নতুন উদ্দীপনা জোগাবে। পাশাপাশি আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার পথ দেখাবে।
তরুণ প্রজন্মকে দেশের সফল উদ্যোক্তা ও সমাজসেবীদের আদর্শ অনুসরণের আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর মতো সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলিও অর্জন করতে হবে।
বিরামপুরসহ দিনাজপুরের বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, দিনাজপুর জেলা সদর থেকে বিরামপুরের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোর কাছাকাছি না হওয়ায় অঞ্চলটি নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো জরুরি।
দিনব্যাপী এ চাকরি মেলাকে কেন্দ্র করে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় নিবন্ধিত প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার। তবে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে অংশ নেন ৪০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে তাৎক্ষণিকভাবে শতাধিক ব্যক্তি চাকরি পেয়েছেন।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়েছে লক্ষাধিক জীবনবৃত্তান্ত। এসব জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে শিগগিরই আনুষ্ঠানিক নিয়োগপ্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরো পড়ুন : শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম