আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটের ডিসি পার্কে লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ মানুষকে খাদ্য ও আশ্রয় দেয়। ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই।

লালমনিরহাটের ডিসি পার্কে জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। ‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’ স্লোগানে কর্মসূচিটির আয়োজন করে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। এ লক্ষ্য সামনে রেখেই সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলামসহ শতাধিক স্বেচ্ছাসেবী।

পরে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

 

 

আরো পড়ুন : হাতীবান্ধায় শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় আইএফআইসি ব্যাংকের সেমিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *