নারী সাংবাদিকদের পোশাক নিয়ে ফয়জুল করিমের মন্তব্যের নিন্দা বিজেআইএম-এর

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

বাংলাদেশি সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশী জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) নারী সাংবাদিকদের পোশাক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মন্তব্যের নিন্দা জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও ক্লিপ পর্যালোচনার পর এক বিবৃতিতে এ অবস্থান জানায় সংগঠনটি।

বিজেআইএম বলেছে, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নারী সাংবাদিকদের কী পোশাক পরতে হবে—এ ধরনের নির্দেশনা গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক অনুষ্ঠান, সংবাদ সম্মেলন বা গণমাধ্যমের জন্য উন্মুক্ত আয়োজনে প্রবেশের শর্ত হিসেবে সাংবাদিকের লিঙ্গ বা পোশাক বিবেচনা করা উচিত নয়।

সংগঠনটির মতে, নারী-পুরুষ নির্বিশেষে সব সাংবাদিকের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদাও নিশ্চিত করতে হবে। লিঙ্গ, পরিচয়, বিশ্বাস কিংবা পোশাকের কারণে কোনো সাংবাদিককে বাদ দেওয়া, ভয় দেখানো বা বৈষম্যের শিকার করা উচিত নয়।

বিজেআইএম আরও বলেছে, একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি হলো স্বাধীন ও বৈচিত্র্যময় সংবাদমাধ্যম। সাংবাদিকদের কাজের ওপর লিঙ্গভিত্তিক শর্ত আরোপ করা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে এটি জনজীবনে সমান অংশগ্রহণের নীতির সঙ্গেও সাংঘর্ষিক।

সংগঠনটি রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের সাংবাদিকদের জন্য সমান ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে বিজেআইএম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, দেশের প্রতিটি সাংবাদিক যেন নিরাপদ পরিবেশে মর্যাদার সঙ্গে এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *