লালমনিরহাটে নেপাল-বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। নেপাল নেত্র জ্যোতি সংঘ ও ডা. সালিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল যৌথভাবে এ শিবিরের আয়োজন করেছে।
শিবিরের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি।
অনুষ্ঠানে বক্তব্যে প্রতীক কারকি সম্প্রতি নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশের জনগণ ও সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, চক্ষু শিবিরের মাধ্যমে লালমনিরহাটের প্রায় ৩ হাজার মানুষ উপকৃত হবেন। শিবিরে চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ছানি অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়েছে।
নেপালের সাগরমাথা চৌধুরী আই হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও জ্যেষ্ঠ চক্ষু স্বাস্থ্যকর্মীদের একটি দল শিবিরে অংশ নিয়েছে। তারা রোগীদের ব্যাপক চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন। ছানি আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারও করা হচ্ছে।
আয়োজকদের মতে, স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর এই সহযোগিতা সীমান্তবর্তী জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করছে।