দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবজীবন ও কর্মক্ষেত্রের উপযোগী শিক্ষা দিতে হবে।
চট্টগ্রামের হাটহাজারীর মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে নবনির্মিত ‘মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, চট্টগ্রামের সাবেক মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন। প্রতিমন্ত্রী মীর হেলাল নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার সঙ্গে দক্ষতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তোলার প্রয়োজন রয়েছে। তাঁর ভাষায়, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা ও বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় পারদর্শী করে তোলা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মীর হেলাল দাবি করেন, আগের সরকারগুলোর দীর্ঘ সময়ের শাসনে দেশের শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা তৈরি হয়েছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সংস্কার করে আধুনিক ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর লক্ষ্য শুধু শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা নয়, একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে হলে এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মীর হেলাল বিদ্যালয়ের এসএসসি (সমমান) পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর উচ্চশিক্ষায় উৎসাহ দিতে আগামী এক বছরের সম্পূর্ণ শিক্ষা ব্যয় ব্যক্তিগতভাবে বহনের ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ নাছির উদ্দীন হাটহাজারীর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই এলাকার সঙ্গে তাঁর রক্ত ও আত্মার সম্পর্ক রয়েছে এবং তিনি নিজেও হাটহাজারীর এই স্কুলে পড়াশোনা করেছেন।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় মাইলের পর মাইল হেঁটে স্কুলে যাতায়াত করতে হতো। নানা কষ্টের মধ্যেও শিক্ষার প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও মনোযোগ ছিল।
অভিভাবকদের উদ্দেশে মীর নাছির বলেন, সন্তানদের শুধু ভালো ফলের জন্য নয়, সৎ ও নীতিবান মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। তাদের যেন অন্যায় ও অপকর্ম থেকে দূরে রাখা হয়। সততা ও সুশিক্ষার মাধ্যমে গড়ে ওঠা তরুণ প্রজন্মই সমাজ ও দেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হতে পারে।
তিনি আরও বলেন, সমাজে অন্যায় ও দুর্নীতির কোনো স্থান থাকা উচিত নয়। কোথাও অনিয়ম বা দুর্নীতি দেখা গেলে তা তাঁর বা প্রতিমন্ত্রী মীর হেলালের কাছে জানাতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইসরাত নাজনীন নাছির, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন একাডেমিক ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।