নগর পানি ব্যবস্থাপনা, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরকারের উচ্চপর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আমন্ত্রিত পেশাজীবী হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান অংশগ্রহণ করেন।
বৈঠকে সমন্বিত নগর পরিকল্পনা, খাল পুনরুদ্ধার, জলাধার সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীতীরের স্থিতিশীলতা, বর্জ্যপানি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল পানি নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল কৌশল গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর সমাধানের জন্য সমন্বিত নগর পরিকল্পনার চর্চা জরুরি। টেকসই ও দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
বৈঠকের এক পর্যায়ে পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের পক্ষ থেকে পাঠানো সাক্ষাতের আবেদনের বিষয়টি অবহিত করেন। তিনি আবেদনপত্রের একটি অনুলিপিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী বিআইপির সঙ্গে পৃথক বৈঠকের জন্য সময় দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
বিআইপির মতে, দেশের পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকার এবং পেশাজীবী পরিকল্পনাবিদদের মধ্যে কার্যকর সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থাটি আশা প্রকাশ করেছে, এ সাক্ষাৎ ভবিষ্যতে সরকার ও পরিকল্পনাবিদদের মধ্যে আরও ফলপ্রসূ আলোচনা ও সহযোগিতার পথ সুগম করবে।