প্রতারিত অভিবাসীদের অভিযোগ নিষ্পত্তিতে চালু হলো বিএমইটির অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল

বিদেশগামী ও প্রবাসী কর্মীদের অভিযোগ দ্রুত, স্বচ্ছ এবং কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এবং রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর যৌথ উদ্যোগে চালু হয়েছে অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে প্রতারণার শিকার অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ঘরে বসেই অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন। একই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড, অভিযোগের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং প্রতিটি ধাপের অগ্রগতি সম্পর্কে স্বয়ংক্রিয় নোটিফিকেশনও পাওয়া যাবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে রামরুর মাধ্যমে বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাস এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেম (সিমস) পর্যায়-২’ প্রকল্পের আওতায়। প্রকল্পটির মূল লক্ষ্য নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করা এবং অভিবাসন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানের সক্ষমতা আরও শক্তিশালী করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। বিশেষ অতিথি ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অভিবাসন ও সুরক্ষাবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙ্গার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক প্রেমাংশু শেখর সরকার।

বিএমইটি জানায়, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)-এর অংশ হিসেবে চালু হওয়া এই মডিউল শুধু অভিযোগ গ্রহণেই সীমাবদ্ধ থাকবে না। অভিযোগ তদন্ত, সংশ্লিষ্ট পক্ষের মধ্যে মধ্যস্থতা, নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরির পুরো প্রক্রিয়াই এখন ডিজিটালভাবে সম্পন্ন করা যাবে।

এ ব্যবস্থার আওতায় দেশের সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) এবং বিএমইটির কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনাকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে করা অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাবে এবং তার অগ্রগতি সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

অভিবাসন খাতের সংশ্লিষ্টদের মতে, অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল চালুর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে প্রতারণার শিকার অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য সেবা পাওয়া আরও সহজ হবে, যা নিরাপদ ও সুশাসনভিত্তিক অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *