প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্টে গুরুত্ব দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার পাশাপাশি মার্শাল আর্টকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যেই চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্টকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৩১শে জুলাই) রাতে রাজধানীর বিজয় সরণির র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার একটি কৌশল নয়; এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তাঁর মতে, একজন শিক্ষার্থী নিজের ওপর আস্থা অর্জন করলে সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি মার্শাল আর্টের বিস্তার জরুরি। এ কারণে দেশের কারাতে সংগঠনগুলোর প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে নিজের কারাতে চর্চার স্মৃতিও তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর এই যাত্রা শুরু হয়। সে সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব এবং বিভিন্ন কারাতে প্রদর্শনী ও ব্রেকিংয়ের অভিজ্ঞতা আজও তাঁকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশকেরও বেশি সময় আগের সেই স্মৃতি আবারও ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে ব্ল্যাক বেল্ট তুলে দেন ববি হাজ্জাজ। এ সময় তিনি তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *