কুমিল্লার জলাবদ্ধতা, মাদক ও যানজট নিরসনের দাবিতে সুজনের মানববন্ধন

জলাবদ্ধতা, মাদকের বিস্তার, তীব্র যানজট এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে সুজন–সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর কমিটি।

শনিবার (১লা আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হলের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুজনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, মাদকের বিস্তার, তীব্র যানজট এবং ফুটপাত ও সড়ক দখল করে অপরিকল্পিতভাবে হকার বসানোর কারণে কুমিল্লার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত, কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ জরুরি বলে তারা মনে করেন।

বক্তারা আরও বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; এর পাশাপাশি সুশাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

মানববন্ধন শেষে সুজনের নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে। এতে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি, যানজট কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে।

সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সুজন মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শামিমা আক্তার জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপক এনামুল হক, কুমিল্লা দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাদিক মামুন, সাংবাদিক শাহ আলম শফি, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট ইসলাম ইবনে সাঈক, সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, বুড়িচং উপজেলা সভাপতি মোসলেহ উদ্দিন, লালমাই উপজেলা সুজনের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, দেবিদ্বার উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মানবাধিকার কর্মী আব্দুল হান্নান, কবি আব্দুল কাইয়ুম, নারী উদ্যোক্তা কামরুন্নাহার দিপু, মহানগর কমিটির অর্থ সম্পাদক শামসুন্নাহার ঝুমুর, জেলা অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুর হোসেন, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব এবং বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজন কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ সরকার লিটন। সার্বিক সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে কুমিল্লার জনদুর্ভোগ আরও বাড়বে। জনস্বার্থে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *