পাকিস্তানে তৈরি এমজি গাড়ি দেশে আনছে র‍্যানকন

পাকিস্তানে উৎপাদিত এমজি ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে আমদানির লক্ষ্যে পাকিস্তানের এমজি জেডব্লিউ অটোমোবাইল এবং বাংলাদেশের র‍্যানকন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

৩১শে জুলাই স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে চলতি বছর বাংলাদেশে ১০০টি গাড়ি রপ্তানি করা হবে। আগামী চার বছরে মোট ৫ হাজার ৮০০টি গাড়ি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে বাংলাদেশের গাড়ির বাজারে নতুন বিকল্প যুক্ত হবে। প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে ক্রেতারা প্রতিযোগিতামূলক দামে আরও বৈচিত্র্যময় গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

র‍্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশীদ ভূঁইয়া বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল বাজারে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে। পাশাপাশি পাকিস্তানে উৎপাদিত আন্তর্জাতিক মানের এমজি গাড়ি বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদন বিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খান চুক্তিটিকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে এমজি ব্র্যান্ডের গাড়ি ইতোমধ্যে পরিচিত। এতদিন মূলত চীন, থাইল্যান্ড ও ভারতের বিভিন্ন উৎপাদন কেন্দ্র থেকে গাড়ি আমদানি হয়েছে। নতুন এই চুক্তির ফলে প্রথমবারের মতো পাকিস্তানে উৎপাদিত এমজি গাড়িও বাংলাদেশের বাজারে প্রবেশ করবে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের গাড়ির বাজারে সরবরাহের উৎস বৈচিত্র্যময় হবে। এতে দীর্ঘমেয়াদে মূল্য প্রতিযোগিতা ও সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি এসইউভি ও বৈদ্যুতিক যানবাহনের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। এ প্রেক্ষাপটে নতুন উৎস থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডের গাড়ি আমদানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *