জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনের স্মৃতি, গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা এবং উচ্চশিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস লিখতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আলাদা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার উদ্যোগে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতীতে জনগণ ও গণতন্ত্রবিরোধী বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাঁর ভাষায়, “জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস রচনা করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ফুটনোট নয়, বরং একটি বিশাল অধ্যায় রচনা করতে হবে।”
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের মধ্যে আন্দোলনের সাফল্য নিয়ে এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতা ছিল। তাঁর দাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিকবার এমন আন্দোলনে সফল হয়েছে, যেখানে অন্য অনেক বিশ্ববিদ্যালয় একই ধরনের ফল অর্জন করতে পারেনি।
জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগরের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন পরিচালনা করেছে এবং সাভার এলাকার ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একটি বক্তব্য সেসময় দেশজুড়ে আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল।
বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের দেশ গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, উপাচার্য ও শিক্ষক নিয়োগে স্বচ্ছ ও নিয়মভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখার আহ্বায়ক জিয়াউদ্দিন আয়ান।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এমপি আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনের নেতারা।