বিশ্বশান্তি ও ন্যায়বিচারের আহ্বানে শেষ হলো আহমদীয়া মুসলিম জামাতের ৬০তম বার্ষিক জলসা

বিশ্বশান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে আহমদীয়া মুসলিম জামাতের ৬০তম বার্ষিক জলসা (জলসা সালানা ইউকে) শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ৫২ হাজার আহমদী মুসলিম সরাসরি অংশ নেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় শতাধিক স্থানে ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে অসংখ্য মানুষ এতে যুক্ত হন।

২৪শে জুলাই শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট) যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের আলটন এলাকার হ্যাডলি পার্কে জলসার উদ্বোধন করেন নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের খলীফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)। বিশ্বের দুই শতাধিক দেশের জাতীয় পতাকার পাশাপাশি আহমদীয়া পতাকা উত্তোলন এবং বিশেষ দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জলসার সূচনা হয়। ২৬শে জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) সমাপনী ভাষণ ও দোয়ার মাধ্যমে জলসার পরিসমাপ্তি ঘটে।

আহমদীয়া মুসলিম জামাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক এই সম্মেলনে বিভিন্ন দেশের আলেম, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। আলোচনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া টেকসই বিশ্বশান্তি সম্ভব নয়—এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। এছাড়া বিনয় ও আত্মশুদ্ধি, সৃষ্টিকর্তার ধারণা, পবিত্র কুরআনের শিক্ষা, ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং মানবতার প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ভালোবাসা নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।

জলসার দ্বিতীয় দিনের ভাষণে বিশ্ব আহমদীয়া খলীফা গত এক বছরে বিশ্বব্যাপী জামাতের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত এক বছরে বিশ্বের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায় থেকে ২ লাখ ৬৭ হাজার ৫৯৬ জন নতুন সদস্য বায়আতের মাধ্যমে আহমদীয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন।

সমাপনী ভাষণে হযরত মির্যা মাসরূর আহমদ (আই.) ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ এবং মহানবী (সা.)-এর আদর্শকে জীবনে ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, একজন মুসলমানের দায়িত্ব শুধু প্রকাশ্য শিরক থেকে দূরে থাকা নয়; সুপ্ত বা অন্তর্নিহিত শিরক থেকেও নিজেকে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, মানুষ তখনই প্রকৃত মুসলমান হতে পারে, যখন সে নিজের জন্য যে কল্যাণ কামনা করে, অন্যের জন্যও একই কল্যাণ কামনা করে।

তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আহমদীয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সময়ের ব্যবধান সত্ত্বেও তারা ভার্চুয়াল মাধ্যমে জলসার কার্যক্রমে অংশ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান। সমাপনী দোয়ায় তিনি বিশ্বে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন।

জলসা উপলক্ষে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব ভিডিও ও লিখিত শুভেচ্ছা বার্তা পাঠান। অনেক কূটনীতিক, সংসদ সদস্য, ধর্মীয় নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আহমদীয়া মুসলিম জামাতের নিজস্ব স্যাটেলাইট টেলিভিশন এমটিএ ইন্টারন্যাশনাল-এর মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জলসার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এতে লাখো দর্শক ভার্চুয়ালভাবে অংশ নেন। বাংলাদেশ থেকেও আহমদীয়া ন্যাশনাল আমীরসহ একটি প্রতিনিধিদল এবং পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রায় দুই শতাধিক প্রবাসী বাঙালি আহমদী সম্মেলনে অংশগ্রহণ করেন।

আহমদীয়া মুসলিম জামাতের মতে, ১৮৯১ সালে ভারতবর্ষের কাদিয়ান অঞ্চলে হযরত মির্যা গোলাম আহমদ প্রতিষ্ঠিত এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা, মানবসেবা, ধর্মীয় সহনশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। প্রতি বছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত জলসা সালানা তাদের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন হিসেবে পরিচিত।

One thought on “বিশ্বশান্তি ও ন্যায়বিচারের আহ্বানে শেষ হলো আহমদীয়া মুসলিম জামাতের ৬০তম বার্ষিক জলসা

  1. খুব সুন্দর আয়োজন ছিলো
    পুরো অনুষ্ঠানটি দেখেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *