প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উদযাপনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পিআইবি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি প্রস্তুতিমূলক সভায় অংশ নেন।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। সভায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সম্ভাব্য কর্মসূচি, আয়োজনের রূপরেখা, বাস্তবায়ন পরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, পিআইবির ৫০ বছর পূর্তি উদযাপন শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি দেশের গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিকতা প্রশিক্ষণের দীর্ঘ যাত্রাকে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাঁরা উদযাপনকে অর্থবহ, অংশগ্রহণমূলক এবং সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পিআইবিতে স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনীভিত্তিক গ্যালারি, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ভাস্কর্য এবং প্রতিষ্ঠানের গবেষণা বিভাগ ঘুরে দেখেন। এ সময় তাঁরা পিআইবির গবেষণা, প্রশিক্ষণ, অধ্যয়ন, প্রকাশনা এবং গণমাধ্যম উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
বিশেষভাবে পিআইবির ফ্যাক্টচেকিং ও মিডিয়া রিসার্চ উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’-এর কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গবেষণাভিত্তিক সাংবাদিকতা এবং তথ্য যাচাই কার্যক্রমকে সময়োপযোগী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বাংলাভিশনের চিফ এডিটর অ্যান্ড হেড অব নিউজ আব্দুল আই সিদ্দিক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, লেখক ও গবেষক ড. মারুফ মল্লিকসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পিআইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, ৫০ বছরের গৌরবোজ্জ্বল পথচলার ধারাবাহিকতায় পিআইবির সুবর্ণজয়ন্তী উদযাপনকে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ করতে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা জরুরি।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত পিআইবি দেশের সাংবাদিকদের প্রশিক্ষণ, গণমাধ্যম গবেষণা, প্রকাশনা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। পাঁচ দশকের এই যাত্রায় প্রতিষ্ঠানটি সাংবাদিকতা শিক্ষা, গবেষণা এবং গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুবর্ণজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে সেই অবদানকে নতুনভাবে মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।