দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চলচ্চিত্রচর্চা জোরদারে নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে বৈঠক করেছে।
বৈঠকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠা, নিয়মিত বিশ্ববিদ্যালয়ভিত্তিক চলচ্চিত্র উৎসব আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, কর্মশালা ও সেমিনারের আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিদল জানায়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংগঠিত চলচ্চিত্রচর্চা শিক্ষার্থীদের নন্দনতত্ত্ব, সংস্কৃতি ও সমালোচনামূলক চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিকল্পধারার চলচ্চিত্র ও বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও প্রদর্শনীর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রস্তাবগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলচ্চিত্র সংসদের কার্যক্রম সম্প্রসারণ, নিয়মিত চলচ্চিত্র উৎসব আয়োজন এবং চলচ্চিত্র শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তোলার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।
এ লক্ষ্যে ইউজিসি ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করবে বলে বৈঠকে মতৈক্য হয়।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ দেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম প্রাচীন সংগঠন। গত পাঁচ দশক ধরে সংগঠনটি চলচ্চিত্রকে একটি শিল্পমাধ্যম ও শিক্ষার উপাদান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র সংসদ গঠন, আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব আয়োজন এবং চলচ্চিত্রবিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সংগঠনটি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ইউজিসি ও বিএফএফএসের যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক চলচ্চিত্রচর্চা আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে চলচ্চিত্রবিষয়ক জ্ঞান, রুচি ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি হবে।