প্রবাসী ব্যবসায়ীদের সংবর্ধনায় লুৎফুর রহমান, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই)-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা।

লন্ডনের ক্যানারি ওয়ার্ফের একটি ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টানা চতুর্থবারের মতো নির্বাচিত টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে ইউকেবিসিসিআইর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই এবং সংগঠনের পরিচালকেরা ফুল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ইমাম উদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্যে ইউকেবিসিসিআইর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই বলেন, প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই সংগঠনের প্রধান লক্ষ্য। তিনি ব্যবসায়ী সমাজের উন্নয়নে ইউকেবিসিসিআইর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেন, ইউকেবিসিসিআই কেবল একটি ব্যবসায়িক সংগঠন নয়, বরং যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে সংগঠনটি কাজ করছে। তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সংবর্ধনার জবাবে লুৎফুর রহমান ইউকেবিসিসিআইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে বাংলাদেশি ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে আস্থা, সহযোগিতা এবং কার্যকর ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ইউকেবিসিসিআইর মতো সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি প্রবাসী উদ্যোক্তাদের দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর ফাইন্যান্স আবু তালহা চৌধুরী। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ জুবায়ের এবং ক্যাবিনেট মেম্বার ফর বিজনেস অ্যান্ড স্কিলস কাউন্সিলর সোনালি মিয়া।

সবশেষে ইউকেবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ খালিক (জামাল) ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অতিথি, বক্তা এবং সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ইউকেবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট কমরু আলী, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর ড. জস ইউ আহমেদ, লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, ডিরেক্টর অলি খান এমবিই, হারুন মিয়া, ফারজানা হোসাইন নীলা, আব্দুল লতিফ কাউসারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নৈশভোজ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী উদ্যোক্তাদের সহযোগিতা আরও জোরদারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *