বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোনা পৌরসভায় জুলাই পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পরপরই ‘ফ্যাসিস্টের দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত ছিল। তার দাবি, বিএনপি পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত করেছে।

নাহিদ ইসলাম বলেন, “অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর সেইফ এক্সিট বা বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সরকারকে অনতিবিলম্বে দুর্নীতিবাজ সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।”

বক্তব্যে তিনি নেত্রকোনার হাওর অঞ্চলের অবকাঠামো ও জনসেবার বিভিন্ন সংকটের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সারাদিন হাওর এলাকা ঘুরে সেখানে মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখেছেন।

তার ভাষায়, হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখনো নাজুক। নেত্রকোনা মেডিকেল কলেজে কার্যক্রম শুরু হয়নি এবং একটি বিশ্ববিদ্যালয়ও কার্যত অচল অবস্থায় রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “হাওর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এই অঞ্চলকে কেন্দ্র করে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘদিন ধরে বঞ্চিত হাওরবাসীর উন্নয়নে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা জরুরি।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নেত্রকোনা পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রিতম এবং জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভায় বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতসহ দলের ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *