গুয়াদালাজারায় বাংলাদেশের পোশাক ও ওষুধ খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা

মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র গুয়াদালাজারায় বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেছেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবদুল্লাহ আল ফরহাদ। ২১ ও ২২শে জুলাই দুই দিনের সফরে তিনি গুয়াদালাজারা সফর করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গুয়াদালাজারায় বাংলাদেশের অনারারি কনসাল কার্লোস উলস্টেইন।

সফরকালে তিনি লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ ফ্যাশন মেলা ইন্টারমোডা পরিদর্শন করেন। সেখানে ইন্টারমোডা-এর প্রেসিডেন্ট জাইমে বারবার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী আসরে আরও বেশি বাংলাদেশি পোশাক উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। মেক্সিকোর বাজারে বাংলাদেশি পোশাকের উপস্থিতি বাড়ানোর জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও শিল্প যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

সফরের সময় মো. আবদুল্লাহ আল ফরহাদ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং কার্যক্রমেও অংশ নেন। এসব আলোচনায় বাংলাদেশ ও মেক্সিকোর বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা উঠে আসে।

সফরের অংশ হিসেবে তিনি গুয়াদালাজারা চেম্বার অব কমার্স পরিদর্শন করেন। সেখানে চেম্বারের মহাপরিচালক কার্লোস ইবাররা রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন বাণিজ্যিক সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের প্রতিনিধি দল মেক্সিকোর ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গ্রুপো কলিন্সের পরিচালকদের সঙ্গে বৈঠক করে। সেখানে বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতি, আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

মো. আবদুল্লাহ আল ফরহাদ মেক্সিকোর বাজারে সাশ্রয়ী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশি ওষুধের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি দুই দেশের ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে তৈরি পোশাক, ওষুধ, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। গুয়াদালাজারায় চার্জ দ্য অ্যাফেয়ার্সের এই সফর দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে নতুন যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *