বাংলাদেশে সার্কুলার টেক্সটাইল খাতে তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ডাচ উদ্যোগ 

বাংলাদেশে সার্কুলার টেক্সটাইল বা পুনর্ব্যবহারভিত্তিক বস্ত্রশিল্পের বিকাশে সহযোগিতা আরও জোরদার করতে কাজ করছে নেদারল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠান। এ লক্ষ্যে তরুণ উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনারদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং পণ্য উন্নয়নে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

নেদারল্যান্ডসে  নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব ফাইয়াজ মুরশিদ কাজী নেদারল্যান্ডসের শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সংস্থা নুফিক এবং দি হেগ ইউনিভার্সিটি অফ এপ্লাইড সায়েন্সেস -এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনারদের সক্ষমতা বৃদ্ধিতে চলমান যৌথ উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সার্কুলার টেক্সটাইল খাতের উন্নয়নে নীতিগত সহায়তা, উদ্ভাবনী উদ্যোগ এবং নতুন পণ্য উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এই খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে সার্কুলার অর্থনীতির ধারণা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। উৎপাদন প্রক্রিয়ায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বৃদ্ধি এবং সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করেন, তরুণ উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব ও টেকসই পণ্যের চাহিদা পূরণেও দেশীয় উদ্যোক্তারা আরও সক্ষম হয়ে উঠবেন।

উল্লেখ্য, জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে পানি ব্যবস্থাপনা, কৃষি, শিক্ষা এবং বস্ত্রশিল্পসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করছে। সার্কুলার টেক্সটাইল খাতে এই সহযোগিতা সেই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *