নারী স্বাস্থ্যসচেতনতা, মাসিক স্বাস্থ্যবিধি এবং পরিবেশ সংরক্ষণ—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে একসঙ্গে তুলে ধরতে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা। কর্মসূচিতে ছিল ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার, শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড প্রদান এবং বৃক্ষরোপণ।
বুধবার (২২শে জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং ইনার হুইল ক্লাবের সদস্যরা অংশ নেন। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাসলিমা বেগম পান্না। প্রধান অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের। তিনি কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর পাস্ট চেয়ারম্যান এবং ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস। তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই সফল চিকিৎসা সম্ভব।
সেমিনারের মূল আকর্ষণ ছিল কুমিল্লা অঞ্চলের প্রথম নারী ব্রেস্ট সার্জন ডা. কাজী ইসরাত জাহানের বিশেষ উপস্থাপনা। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের কারণ, ঝুঁকির উপাদান, প্রাথমিক লক্ষণ, নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব, আধুনিক চিকিৎসা এবং প্রতিরোধের উপায় তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের বর্তমান পরিস্থিতিও উপস্থাপন করেন।
তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। তবে সময়মতো শনাক্ত করা গেলে অধিকাংশ রোগীর সফল চিকিৎসা সম্ভব। এজন্য নারীদের আত্মসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উপস্থাপনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. কাজী ইসরাত জাহান। এ সময় ব্রেস্ট ক্যান্সার নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যাও তুলে ধরেন তিনি।
সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এক হাজার স্যানিটারি প্যাড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা। আয়োজকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরাও যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজে ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী এবং জনকল্যাণমূলক বলে অভিহিত করেন।
কর্মসূচির শেষ পর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি নারকেল গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব কুমিল্লার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, পাস্ট প্রেসিডেন্ট শাহীন আক্তার, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান নুসরাত হাশমি মিথিলা, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং ইনার হুইল ক্লাবের সদস্যরা।
আয়োজকরা জানান, নারী স্বাস্থ্যসচেতনতা, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। অংশগ্রহণকারীদের মতে, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা, মাসিক স্বাস্থ্যবিধি এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একই কর্মসূচির আওতায় এনে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা একটি ইতিবাচক সামাজিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে।