জামায়াত থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলের দাবি, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২শে জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে জামায়াত একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করে। সেই তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী, গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গত কয়েকদিন ধরে গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটে জামায়াত প্রথমে একটি বিবৃতি দিয়ে সাংগঠনিক তদন্তের ঘোষণা দেয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথা জানায়।

অন্যদিকে, গাজী নজরুল ইসলাম নিজের ব্যাখ্যায় দাবি করেন, সামাজিক মাধ্যমে প্রচারিত ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট নারীকে তিনি পারিবারিকভাবে বিয়ে করেছেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *