মার্কো রুবিওর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়। বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি এই দায়িত্ব পালনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন বলে জানা গেছে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও বৈঠকে উঠে আসে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। বিশ্লেষকদের মতে, ম্যানিলায় অনুষ্ঠিত এই বৈঠক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতাবিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। এই ফোরামের বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *