বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বিশ্বের বৃহত্তম লজিস্টিকস কোম্পানি ডিএসভি এর ঢাকা কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের সম্মাননা জানান।
ডিএসভির ঢাকা কার্যালয়ে রাষ্ট্রদূতকে স্বাগত জানান কোম্পানির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দানুশা গুনাবর্ধনে এবং স্থানীয় ব্যবস্থাপনা দল।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ২৫ বছরেরও বেশি সময় ধরে ডিএসভি বাংলাদেশে কর্মরত সহকর্মীদের স্বীকৃতি দেন। তিনি এটিকে বাংলাদেশের প্রতি কোম্পানির দীর্ঘমেয়াদি অঙ্গীকার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
ডেনমার্কের মাত্র ১০ জন পরিবহন উদ্যোক্তাকে নিয়ে যাত্রা শুরু করা ডিএসভি আজ বিশ্বের বৃহত্তম লজিস্টিকস কোম্পানিতে পরিণত হয়েছে। কয়েক দশকের ধারাবাহিক সম্প্রসারণ, অধিগ্রহণ এবং বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় অন্যতম প্রধান ভূমিকা পালন করছে।
বাংলাদেশে ডিএসভি তৈরি পোশাক, টেক্সটাইল, শিল্পপণ্য ও অন্যান্য রপ্তানি খাতের আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে। সমুদ্র, আকাশ ও স্থলপথে পণ্য পরিবহন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং লজিস্টিকস সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ব্যবসাকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করছে।
ডেনমার্ক দূতাবাস জানিয়েছে, বিদেশে ডেনিশ কোম্পানিগুলোকে সহায়তা করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। নীতিগত সংলাপের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে দেখা, কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়িক বাস্তবতা সম্পর্কে ধারণা নেওয়ার মাধ্যমে সহযোগিতা আরও কার্যকর করা সম্ভব হয়।
দূতাবাসের মতে, বাংলাদেশে ডিএসভির কার্যক্রম আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখছে।
ডেনমার্কের ট্রেড কাউন্সিলও বাংলাদেশে ডেনিশ ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সংস্থাটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।