কুয়েতে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী আমিনা উদ্ধার, দূতাবাসের সহায়তায় দেশে ফিরলেন

কুয়েতে কর্মস্থলে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী মিজ্ আমিনা খাতুনকে উদ্ধার করে দেশে পাঠিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৪ই  জুলাই ) জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন তিনি।

বাংলাদেশ দূতাবাস, কুয়েত জানায়, গত ৩০শে জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের মাধ্যমে আমিনা খাতুনের নির্যাতনের বিষয়টি তাদের নজরে আসে। বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় দূতাবাস।

পরদিন ১লা জুলাই কুয়েত পুলিশের সহযোগিতায় তাঁকে কর্মস্থল থেকে উদ্ধার করা হয়। পরে তাঁকে দূতাবাসের তত্ত্বাবধানে নেওয়া হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, আমিনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি তাঁর বকেয়া পাওনা আদায়, ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা এবং দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়।

১৪ই  জুলাই জাজিরা এয়ারওয়েজের J9 531K ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন আমিনা খাতুন। এ সময় বিমানবন্দরে দূতাবাসের একজন প্রতিনিধি উপস্থিত থেকে তাঁকে বিদায় জানান।

বাংলাদেশ দূতাবাস, কুয়েত আমিনা খাতুনের সুস্থতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছে।

একই সঙ্গে দূতাবাস সতর্ক করে বলেছে, নারী গৃহকর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন। বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া, নিয়োগকর্তার তথ্য যাচাই এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *