অনূর্ধ্ব-২০ নারী এইচএফ কাপ হকিতে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ। ওমানে অনুষ্ঠিত নারী জুনিয়র এএইচএফ কাপের ম্যাচে উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ । এই জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
মাসকাটে অনুষ্ঠিত ম্যাচে প্রথম তিন কোয়ার্টার গোলশূন্য ছিল। দুই দলই আক্রমণ ও রক্ষণে সমান লড়াই করে। তবে শেষ পর্যন্ত চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণভাগ সফল হয়। ম্যাচের ৫০তম মিনিটে ইমা নাদিরা ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই গোলই জয়ের ব্যবধান গড়ে দেয়।
উজবেকিস্তানের বিপক্ষে পুরো ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা শৃঙ্খলাপূর্ণ হকি খেলেছে। রক্ষণভাগ প্রতিপক্ষকে গোলের সুযোগ কম দিয়েছে। মাঝমাঠ থেকেও তৈরি হয়েছে বেশ কয়েকটি আক্রমণ। গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে দারুণ পারফরম্যান্স দেখান রিয়াসা। তার নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ হংকং চায়নাকে ৬-০ গোলে বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল। দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। পাঁচ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও হংকং চায়না অংশ নিচ্ছে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে।
বিকেএসপির তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ দল এশিয়ার মঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে। ধারাবাহিক এই পারফরম্যান্স নারী হকির ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।