হংকংয়ে বাংলাদেশের পোশাক ও ফুটওয়্যার শিল্পের সাপ্লাই চেইন উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হংকংয়ের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই ৮ই জুলাই হংকংয়ে একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

হংকং রিসার্চ ইনস্টিটিউট অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল -এর ওপেন ল্যাবে অনুষ্ঠিত সেমিনারের বিষয় ছিল “ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ সাপ্লাই চেইন অফ বাংলাদেশ এপারেল এন্ড ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ থ্রু ইন্টেগ্রেশন উইথ হংকং প্রোডাক্ট এন্ড প্রসেস ইনোভেশন একটিভিটিজ”।

সেমিনারে বাংলাদেশের পোশাক ও ফুটওয়্যার শিল্পের সরবরাহ ব্যবস্থা আরও দক্ষ, টেকসই ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে পণ্য উন্নয়ন, উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভাবন, গবেষণা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন HKRITA-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য, বাংলাদেশ টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, এপারেল ডাইজেস্ট বাংলাদেশ -এর সম্পাদক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

হংকংয়ে বসবাসরত বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারাও আলোচনায় অংশ নেন। তারা বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বক্তারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শুধু কম উৎপাদন ব্যয় যথেষ্ট নয়। পণ্যের নকশা, উৎপাদন প্রযুক্তি, পরিবেশবান্ধব প্রক্রিয়া এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে হংকংয়ের গবেষণা প্রতিষ্ঠান ও উদ্ভাবনভিত্তিক শিল্পখাতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা উভয় দেশের জন্যই নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

আলোচনায় আরও উঠে আসে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ইতোমধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিখাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফুটওয়্যার শিল্পও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই দুই খাতের সাপ্লাই চেইন আরও আধুনিক ও কার্যকর করতে গবেষণা, ডিজিটাল প্রযুক্তি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং সার্কুলার অর্থনীতিভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনাটি পরিচালনা করেন হংকং জেনারেল চেম্বার অব কমার্স (HKGCC)-এর এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান দেওয়ান সাইফুল আলম।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে শিল্প, গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশের পোশাক ও ফুটওয়্যার শিল্পের মূল্য সংযোজন, উদ্ভাবনী সক্ষমতা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অবস্থান আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *