মাসুদ রানা
বাংলাদেশের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় তার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। সোমবার (৬ জুলাই) সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক সূচনা হয়।
এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অতীত অর্জন, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাঁরা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
এছাড়া উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী এই আয়োজন ক্যাম্পাসে একটি মিলনমেলায় রূপ নেয়। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপন করেন।