বাংলাদেশে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

 

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ সফরে আসতে সম্মতি জানিয়েছেন। একই সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার (৬ই জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চিঠিতে ক্রাউন প্রিন্স জানান, তিনি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভ্রাতৃসুলভ মনোভাব দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতিফলন। সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক আরও বিস্তৃত করতে তিনি একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ক্রাউন প্রিন্সের প্রতি তাঁর আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে তিনি আশা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফর করতে আগ্রহী। পাশাপাশি সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল আগামী সপ্তাহে বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করবে।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ আগ্রহের বিষয়টিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী এ আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন সংস্কার ও উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, শ্রমবাজার এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় দেশ সক্রিয়ভাবে কাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রাউন প্রিন্সের সম্ভাব্য বাংলাদেশ সফর এবং সৌদি প্রতিনিধিদলের আসন্ন ঢাকা সফর দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *