সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। ছবি থ্রি ডি, ডিজিটাল বা অন্য যে কোনো আঙ্গিকে হোক, তা ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে আজ একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা। পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
পরিপত্র অনুযায়ী, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমন হতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। অপ্রয়োজনীয় অলংকরণ বা ব্যক্তির ছবি দিয়ে মূল বিষয়কে আড়াল করা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অতীব গুরুত্বপূর্ণ। এটি অনতিবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনকে নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রীকে আরও তথ্যনির্ভর, নিরপেক্ষ ও উদ্দেশ্যভিত্তিক করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠান-সংক্রান্ত তথ্য, সরকারি বার্তা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও বেশি গুরুত্ব পাবে।
প্রশাসনিক বিশ্লেষকদের মতে, সরকারি প্রচারসামগ্রী ব্যবহারে একটি অভিন্ন নীতিমালা নিশ্চিত করার ক্ষেত্রে এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি অর্থে প্রস্তুত প্রচারসামগ্রীর নকশা ও উপস্থাপনায় বিষয়ভিত্তিক মান বজায় রাখতেও এটি সহায়ক হবে।