জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (UNCOPS V)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ৮ই জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্লেনারি সেশনেও অংশ নেবেন। এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়।
সম্মেলনের পাশাপাশি আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন তিনি।
নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ পুলিশ ও সামরিক সদস্য প্রেরণকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। এ প্রেক্ষাপটে ইউএন-কপস সম্মেলন বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা তুলে ধরা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৪ঠা জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ১২ই জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।