কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক আটক, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকায় ঘুরিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় লোকজন ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের একটি ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন সাগর হোসেন (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেন।

এরপর তাঁর কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকার বিভিন্ন সড়কে ঘুরিয়ে নেওয়া হয়। পরে তাঁকে দৌলতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দড়ি বাঁধা অবস্থায় সাগরকে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন। তাঁর পেছনে কয়েকজন স্থানীয় ব্যক্তি হাঁটছেন এবং আশপাশে উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশের পর অনেকেই এ ঘটনাকে আইনের শাসন ও মানবিক মর্যাদার প্রশ্নে সমালোচনা করেছেন।

আটক সাগর হোসেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা বিপ্লব হোসেনের ছেলে।

এ ঘটনায় দৌলতপুর থানায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করা হয়। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) লিংকন বলেন, সাগর একজন পেশাদার চোর। স্থানীয় লোকজন তাঁকে চুরির অভিযোগে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাঁকে দড়ি বেঁধে ঘোরানোর বিষয়টি পুলিশের জানা নেই বলে তিনি দাবি করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানও বলেন, স্থানীয় লোকজন একজনকে চুরির অভিযোগে আটক করে থানায় হস্তান্তর করেছেন। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তবে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনাটি তাঁর জানা নেই।

যদিও পুলিশের দাবি তারা এ বিষয়ে অবগত নয়, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্থানীয়ভাবে জনতার হাতে আটক ব্যক্তির সঙ্গে আচরণ এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *