১৮ বছরের বিশ্বাসের নির্মম পরিণতি:  গৃহকর্ত্রীকে হত্যা, মোয়াজ্জিন গ্রেপ্তার

জাকির হোসেন

প্রায় ১৮ বছরের পরিচয় ও বিশ্বাসের সম্পর্ক। সেই বাড়িতেই নিয়মিত তিন বেলা খাবার খেতেন তিনি। ঘটনার দিনও গৃহকর্ত্রী নিজের হাতে তাকে চা বানিয়ে দেন। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তাকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

আলোচিত বিশ্বাস বেতকা হত্যা মামলায় বেতকা চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জিন মোশারফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত মোশারফ বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে লুট করা স্বর্ণ স্থানীয় এক কর্মকারের কাছে বিক্রি করেন। তদন্তের এক পর্যায়ে সেই স্বর্ণ উদ্ধারের সূত্র ধরে পুলিশ কর্মকারকেও গ্রেপ্তার করে।

তদন্তে জানা গেছে, আর্থিক লোভ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিনের পারিবারিক আস্থার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর মূল্যবান মালামাল লুট করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য আলামত আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত মোশারফ দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতেন। পরিবারের সদস্যরা তাকে বিশ্বাস করতেন। তাই এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *