বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন। বর্তমানে দলটি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই উপলক্ষে হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাইকমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থন পেয়ে পুরো দল অনুপ্রাণিত হয়েছে। এই ভালোবাসা মাঠে আরও ভালো খেলার শক্তি জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।
জ্যোতি দেশবাসী ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের কাছে দলের জন্য দোয়া কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বকাপে বাংলাদেশ দল সেরাটা দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের নারী ক্রিকেটাররা শুধু মাঠেই সাফল্য অর্জন করছেন না, তারা দেশের লাখো কন্যাশিশু ও তরুণীর আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার অনুপ্রেরণাও হয়ে উঠেছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচুতে তুলে ধরতে নারী ক্রিকেটারদের এই প্রচেষ্টা পুরো জাতির জন্য গর্বের।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, ২৮ জুন। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরাও দলের জন্য শুভকামনা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, টাইগ্রেসরা সাহসী ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান আরও উজ্জ্বল করবে।