পদ্মা রক্ষার আহ্বানে রাজশাহীতে ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন

পদ্মা নদীর পরিবেশ রক্ষা এবং তরুণ সমাজের মধ্যে শারীরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে আয়োজন করা হচ্ছে ‘রান ফর পদ্মা (সেভ দ্য গঙ্গাস)’ নামে ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন।

৩ জুলাই ২০২৬ (শুক্রবার) ভোর ৬টায় নগরীর ঐতিহ্যবাহী লালনশাহ মুক্তমঞ্চ থেকে এই ম্যারাথন শুরু হবে। পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও পরিবেশ সচেতন মানুষ।

আয়োজকরা জানিয়েছেন, ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘রান ফর পদ্মা (সেভ দ্য গঙ্গাস)’-এর কনভেনর মো. জুলফিকার আলী হায়দার, মেম্বার সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম সানি, উপদেষ্টা রিকতা পারভিনসহ আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পদ্মা নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যার বিষয়ে জনসচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহী করাও এই উদ্যোগের একটি লক্ষ্য।

ম্যারাথনের রুট নির্ধারণ করা হয়েছে লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু করে টি-বাঁধ, পুলিশ লাইন্স, সি অ্যান্ড বি মোড় ও ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার লালনশাহ মুক্তমঞ্চে এসে শেষ হবে।

আয়োজকরা জানান, সফলভাবে ম্যারাথন সম্পন্ন করা সব রানারের জন্য থাকবে আকর্ষণীয় মেডেল, অফিসিয়াল জার্সি ও সার্টিফিকেট। ইতোমধ্যে এই আয়োজনকে ঘিরে রাজশাহীর তরুণ, ক্রীড়াপ্রেমী ও পরিবেশ সচেতন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পদ্মা নদী রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নদী ও পরিবেশ রক্ষায় মানুষের অংশগ্রহণ বাড়ানোর একটি সামাজিক উদ্যোগ হিসেবে দেখছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *