গ্রাহকদের আস্থায় এগিয়ে চলছে ইসলামী ব্যাংক, রাজশাহী শাখায় কৃতজ্ঞতা সভা

দেশের ব্যাংকিং খাতে আস্থা, নিরাপত্তা ও শরিয়াহভিত্তিক সেবার জন্য পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়ভিত্তিক স্কিমে নতুন গ্রাহকদের অংশগ্রহণ বেড়েছে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের এই আস্থা তাদের দীর্ঘদিনের সেবা কার্যক্রম ও গ্রাহকবান্ধব উদ্যোগের প্রতিফলন।

এ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী শাখায় আয়োজন করা হয় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা। অনুষ্ঠানে ব্যাংকের সেবা কার্যক্রম, আমানত ব্যবস্থাপনা, গ্রাহকসেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। আধুনিক ব্যাংকিং সুবিধা, প্রযুক্তিনির্ভর সেবা, নিরাপদ বিনিয়োগ এবং শরিয়াহসম্মত কার্যক্রমের সমন্বয়ে ব্যাংকটি দেশের বিপুলসংখ্যক মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খালেকুজ্জামান, রাজশাহী শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সুলতান মাহমুদ রেজা, সমাজসেবী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং শতাধিক গ্রাহক।

সভায় বক্তব্য দেন নারী উদ্যোক্তা ও ব্যাংকের গ্রাহক আয়শা আক্তার লিজা। তিনি বলেন, “একসময় ইসলামী ব্যাংককে ঘিরে নানা আলোচনা ও প্রশ্ন ছিল। তবে দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা এবং গ্রাহকসেবার উন্নয়নের মাধ্যমে ব্যাংকটি আবারও মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমানে অনেক গ্রাহক নিশ্চিন্তে তাদের সঞ্চয় ও বিনিয়োগ ইসলামী ব্যাংকের মাধ্যমে পরিচালনা করছেন।

সভায় বক্তারা বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো তার গ্রাহক। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে ভিত্তি করেই ইসলামী ব্যাংক নতুনভাবে এগিয়ে যেতে চায়। উপস্থিত গ্রাহকেরাও ব্যাংকের সেবার মান, কর্মকর্তাদের আন্তরিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভা শেষ হয় গ্রাহকসেবা আরও সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা বাড়ানোর প্রত্যাশার মধ্য দিয়ে। উপস্থিত গ্রাহকদের মত ছিল, গ্রাহকের আস্থাই একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *