রোহিঙ্গা ও আশ্রয়দাতা শিশুদের জন্য অস্ট্রেলিয়া-ইউনিসেফের নতুন সহায়তা চুক্তি

রোহিঙ্গা শিশু ও বাংলাদেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন করে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বহু বছর মেয়াদি সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সহায়তা বাস্তবায়নে ইউনিসেফ বাংলাদেশ ও এর অংশীদারদের সঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে নতুন চুক্তির ঘোষণা দেন।

বৈঠকে রোহিঙ্গা শিশু এবং স্থানীয় আশ্রয়দাতা পরিবারের শিশুদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় বলা হয়, শিশুদের বর্তমান প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও আশাব্যঞ্জক ভবিষ্যতের পথ তৈরি করা জরুরি।

নতুন এই সহায়তার মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে ইউনিসেফ ও তার সহযোগী সংস্থাগুলো।

বাংলাদেশে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অস্ট্রেলিয়া মানবিক সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শিবির ও আশপাশের এলাকার শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ইউনিসেফ জানিয়েছে, দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে থাকা শিশুদের জন্য নিয়মিত সেবা চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সেবার মাধ্যমে শিশুদের বেঁচে থাকা, শেখা এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি হয়।

অস্ট্রেলিয়া, ইউনিসেফ এবং বাংলাদেশ সরকার যৌথভাবে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *