বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্ট এবং নেদারল্যান্ড সরকারের উদ্যোগ অরেঞ্জ কর্নার্স বাংলাদেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা পরামর্শ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ পাবেন।
নেদারল্যান্ড সরকারের বৈশ্বিক ফ্ল্যাগশিপ কর্মসূচি অরেঞ্জ কর্নার্স বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে দেশের ১০০টিরও বেশি স্টার্টআপকে সহায়তা করেছে। কর্মসূচিটি উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণাকে টেকসই প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছে। পাশাপাশি বিনিয়োগ, বাজারসংযোগ এবং দক্ষতা উন্নয়নেও সহায়তা দিচ্ছে।
চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সামাজিক ব্যবসা, তরুণ উদ্যোক্তা উন্নয়ন এবং উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তরুণদের কর্মসংস্থান ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নেদারল্যান্ড দূতাবাস এক বিবৃতিতে জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস, গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্ট, ওয়াইওয়াই ভেঞ্চারস, ইউনিলিভার এবং সাজিদা ফাউন্ডেশনের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। এসব অংশীদারের সম্মিলিত প্রচেষ্টায় দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
দূতাবাস জানায়, ভবিষ্যতেও বাংলাদেশের নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সহায়তা এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে তাদের।