রেলওয়ের অব্যবহৃত জমিতে ৫ বছরে ২৪ লাখ গাছ লাগানোর উদ্যোগ

বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন স্থানে নিজেদের অব্যবহৃত জমিতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরেই ১ লাখ ৬০ হাজার গাছের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার (২৩শে জুন) মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর আশপাশে রেলওয়ের অব্যবহৃত জমি পরিবেশবান্ধব কাজে ব্যবহার করা হচ্ছে। এসব জমিতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে সবুজায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রেলওয়ের অব্যবহৃত জমিকে সম্পদে পরিণত করার অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণও উপকৃত হবে।

প্রাথমিক পর্যায়ে সিরাজদিখানের চর গলগলিয়া মৌজায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ১৮ দশমিক ৭০ একর জমিতে ২৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ১০০টি ফলদ, ১০০টি বনজ এবং ৫০টি ঔষধি গাছ রয়েছে। পর্যায়ক্রমে পুরো এলাকায় আরও গাছ লাগানো হবে।

উল্লেখ্য, গত ১৩ই  জুন কক্সবাজারের ডুলাহাজরায় বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করে দেশের বিভিন্ন জেলায় রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের খালি জমিগুলোতে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সরকারি জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *