সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা, নেতৃত্ব বিকাশ এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ায় যুবসমাজের অংশগ্রহণ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের অধিবেশন ২০২৬। জাতীয় সংসদের কার্যপ্রণালীর আদলে আয়োজিত এই অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০ জন তরুণ প্রতিনিধি অংশ নেন।
“সমাজ রূপান্তরে তারুণ্য ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২০শে জুন) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনের শুরুতে আয়োজক সংগঠনগুলোর পক্ষে তারিক হোসেন, জাহাঙ্গীর আলম ও আরিফ খান স্বাগত বক্তব্য দেন। তাঁরা অধিবেশনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। পরে সকাল ১০টায় শুরু হয় মূল অধিবেশন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা তিনটি অধিবেশনে মোট আটটি বিল উত্থাপন করা হয়।
তরুণ প্রতিনিধিরা সংসদীয় পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা, বিতর্ক এবং প্রস্তাব উপস্থাপন করেন। তাঁদের আলোচনায় উঠে আসে যুবসমাজের ভূমিকা, নাগরিক অংশগ্রহণ, গণতান্ত্রিক চর্চা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু এবং নারী-শিশু উন্নয়নসহ বিভিন্ন বিষয়।
অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন আজমীর তারেক চৌধুরী। প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন আতিকুর রহমান। বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন জাকিয়া তাসনিয়া যুথি।
অধিবেশনে তিনটি বিষয়ভিত্তিক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মন্ত্রী সাকিবুল হাসান সাকিব, প্রতিমন্ত্রী মিরা জাহান এবং বিরোধী দলীয় সাংসদ হাবিবুর রহমান।
শিক্ষা, আইসিটি, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন মোছাঃ ইসরাত জাহান রিফা। প্রতিমন্ত্রী ছিলেন মোঃ মাহিম হোসেন এবং বিরোধী দলীয় সাংসদ ছিলেন রিমি আফরিন জেসিয়া।
নারী, শিশু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আবু নাছির আল রাকিব। প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন কানিজ ফাতেমা রিতু এবং বিরোধী দলীয় সাংসদ ছিলেন ফাতেমা তুজ জোহুরা। সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন রুদ্র চৌধুরী তূর্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন রবিউল হাসান।
অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জীবন কানাই দাস, ডা. মুশতাক হোসেন, শাহ ইসরাত আজমেরী, ইসরাত আরা, হাসান হাফিজুর রহমান সোহেল, জীবনানন্দ জয়ন্ত, ব্যারিস্টার অনন্যা অর্থী, পাভেল পার্থ, জ্যোতি চট্টোপাধ্যায় এবং মো. হামিদুজ্জামান।
আলোচকরা তরুণদের নেতৃত্ব গঠন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ, সামাজিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার বিষয়ে দিকনির্দেশনা দেন। তাঁরা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
‘তারুণ্যের অধিবেশন ২০২৬’ আয়োজন করে জনউদ্যোগ (আইইডি সংগঠিত নাগরিক প্ল্যাটফর্ম), ইরেজার, টিনস সেভার, আইইডি, বারসিক এবং সিসিবিভিও।
আয়োজকরা জানান, এই অধিবেশন তরুণদের মধ্যে নেতৃত্ব, জবাবদিহিতা, নীতি নির্ধারণে অংশগ্রহণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ তরুণদের সামাজিক পরিবর্তনের কাজে আরও সক্রিয় করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।