কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আওয়ামী যুবলীগের নামে একটি ব্যানারও জব্দ করা হয়।
শনিবার (২০শে জুন) সকাল ১০টার দিকে উপজেলার ডিগ্রি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছেন। খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দৌলতপুর সদর ইউনিয়নের বাসিন্দা মৃত মজিবুর রহমানের ছেলে আলতাব হোসেন (৫২)কে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মিছিলের প্রস্তুতির সময় সেখানে ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান জানান দেওয়ার পরিকল্পনা করছিলেন।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে আওয়ামী যুবলীগের নামে একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বানসংবলিত লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সমাবেশ ছত্রভঙ্গ করে এবং একজনকে আটক করে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে আটক আলতাব হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে আটক ব্যক্তির পরিবারের সদস্য বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি