রাজধানীর মিরপুর-১০ এলাকায় ট্রাফিক পুলিশের দ্রুত ও সাহসী পদক্ষেপে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে এক নারী যাত্রীর ছিনতাইকৃত মোবাইল ফোন।
বৃহস্পতিবার (১৮ জুন ) সকাল আনুমানিক ১০টায় মিরপুর-১০ এর শাহ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ট্রাফিক পল্লবী জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন ডিউটিতে থাকা অবস্থায় দেখতে পান, এক নারী যাত্রী বাসে ওঠার সময় তার ব্যাগ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে এক ব্যক্তি।
ঘটনাটি বুঝতে পেরে সার্জেন্ট তুহিন সঙ্গে সঙ্গে ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে পালানোর সময় অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনটি একটি বাসের নিচে ফেলে দেয়। তবে শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হন সার্জেন্ট তুহিন।
আটক ব্যক্তির নাম মো. আরমান হোসাইন। তার বাবার নাম মো. শোভান। তিনি মিরপুর-১০ এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পরে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার সার্জেন্ট তুহিনের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও দায়িত্বশীল থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, ট্রাফিক পুলিশের দায়িত্ব শুধু যান চলাচল নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সেবায়ও ট্রাফিক পুলিশ নিয়মিত ভূমিকা পালন করে যাচ্ছে।