বাংলাদেশ-নেপাল বাণিজ্য বাড়াতে পিটিএ দ্রুত চূড়ান্ত করার তাগিদ

বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ বাহাদুর রাউতের সঙ্গে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ-নেপাল পিটিএর অগ্রগতি, বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা, ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ এবং নতুন বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, পিটিএ চুক্তি দ্রুত সম্পন্ন হলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভৌগোলিক নৈকট্য এবং শক্তিশালী দ্বিপক্ষীয় যোগাযোগ থাকা সত্ত্বেও বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় এখনও কম।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর একমত হয়।

বাংলাদেশ ও নেপাল গত কয়েক বছর ধরে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই চুক্তি কার্যকর হলে নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে শুল্ক সুবিধা বৃদ্ধি পাবে। ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *