বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, যুব উন্নয়ন, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ১৫ই জুন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক তুরস্কের প্রবাসী তুর্কি ও সংশ্লিষ্ট সম্প্রদায় বিষয়ক সংস্থা প্রেসিডেন্সি ফর টার্কি এবরোড এন্ড রিলেটেড কমিউনিটিজ (ওয়াইটিবি)-এর প্রেসিডেন্ট আবদুলহাদি তুরুসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
ওয়াইটিবি প্রেসিডেন্ট আবদুলহাদি তুরুস বাংলাদেশের তরুণদের সম্ভাবনার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের যুবসমাজের মধ্যে রয়েছে বড় সম্ভাবনা এবং তাদের উন্নয়নে সহযোগিতা করতে ওয়াইটিবি আগ্রহী। তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য বৃত্তি, প্রশিক্ষণ এবং নেতৃত্ব উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে সহায়তা অব্যাহত রাখার কথা জানান।
রাষ্ট্রদূত এম. আমানুল হক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবি’র চলমান সহযোগিতার প্রশংসা করেন। তিনি তুরস্কে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে আরও বেশি বৃত্তির সুযোগ তৈরির প্রস্তাব দেন।
এ ছাড়া দুই দেশের শিক্ষা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতার জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) করার বিষয়েও আলোচনা হয়।
উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার সুযোগ খতিয়ে দেখতে সম্মত হয়েছে। বৈঠকের শেষে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।