বাংলাদেশে বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৬ই জুন) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি মতবিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিমান খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও তুলে ধরা হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বিমান পরিবহন ও সংশ্লিষ্ট সেবাখাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান সুইসপোর্টের  আগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সুইসপোর্টকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রস্তাবটি যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিমান খাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *