লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ই জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের একমাত্র মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে আবারও খোঁজাখুঁজির সময় বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নতুন করে খোঁড়া নরম মাটি দেখতে পান স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হলে ওই স্থানে মাটি খুঁড়ে দেখা হয়। একপর্যায়ে সেখান থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একটি বিশেষ দল কাজ শুরু করেছে। একই সঙ্গে ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাব্বির হোসেন
হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি