‘জনগণ ভালো নেই, পুরো পাশা উল্টে গেছে’—মান্নার উদ্বেগ

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তার ভাষায়, “আজ পুরো পাশা উল্টে গেছে।”

সোমবার (১৫ই জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার মতো ঘটনা বিশ্বের ইতিহাসে খুবই বিরল। এত বড় আন্দোলন ও আত্মত্যাগের পরও দেশের মানুষ কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

তিনি প্রশ্ন তুলে বলেন, যারা আন্দোলনের মাঠে জীবন বাজি রেখেছিলেন, তাদের স্বপ্নের বাংলাদেশ কি বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে? জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে মান্না বলেন, একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হলে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য বৃহত্তর রাজনৈতিক সমঝোতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকার বেশি আকারের জাতীয় বাজেট নিয়েও সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। তার মতে, বাজেটে অনেক আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকলেও সেগুলো বাস্তবায়নের বিষয়ে যথেষ্ট নিশ্চয়তা নেই।

তিনি বলেন, সরকার যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং নতুন বেতন কাঠামোর অর্থ সংস্থান নিয়েই চ্যালেঞ্জের মুখে থাকে, তাহলে এত বড় বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে, সেই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, অর্থনীতিকে উপেক্ষা করে শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। জনতুষ্টিমূলক কর্মকাণ্ডের পরিবর্তে বাস্তবভিত্তিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ না করলে দেশের অর্থনীতি আরও সংকটের মুখে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মোস্তফা মহসিন মন্টুর সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *