ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর

দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় করের গুরুত্ব তুলে ধরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রাজধানীর ভূমি ভবনে অনুষ্ঠিত ‘সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ভূমিমন্ত্রী বলেন, দেশ সবার। তাই দেশকে আগামী দিনে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার। অতীতে বিভিন্ন সাম্রাজ্য জোরপূর্বক কর আদায় করে নিজেদের ক্ষমতা বিস্তার ও টিকিয়ে রাখত। কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থায় নাগরিক ও প্রতিষ্ঠানগুলো কর প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি বলেন, একটি দেশ পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। এ অর্থ সংগ্রহে ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে সরকারের আয়-ব্যয়ের বিভিন্ন উৎস সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সরকারি দপ্তরগুলোর উচিত সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করা এবং ভবিষ্যতে বাজেট প্রণয়নের সময় এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা।

কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী।

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *