মাগুরার মহম্মদপুর উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর আওতায় আয়োজিত এ কর্মসূচি মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগের দিকে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা রোবোটিক্স, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করে। এসব প্রকল্প ঘুরে দেখে মন্ত্রী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন ও ধারণা তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সেরা উদ্ভাবনী প্রকল্প নির্বাচন করে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।