অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান মন্ত্রীর

মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরগুলোতে প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, দেশের বিমানবন্দরসমূহে সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

আফরোজা খানম বলেন, বিমানবন্দরে সেবার গুণগত মান বাড়াতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমের সুফল দেশি-বিদেশি যাত্রীদের পাশাপাশি প্রবাসীরাও পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপতথ্য ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপতথ্যের আশ্রয় নিচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটিকে একটি আস্থাশীল, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারলাইন্সে পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ফলে দেশের বিমান পরিবহন খাতে সেবার মান আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *