দৌলতপুরে হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের এক সফল ও চৌকস অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী, কন্টাক্ট কিলার এবং আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য রেন্টু। গতরাতে (১০ই জুন) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কেরানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।

​গ্রেফতারকৃত রেন্টু ফিলিপনগর ইউনিয়নের কেরানীপাড়া-মাঠপাড়া গ্রামের মরুর ছেলে। সে এলাকায় ‘গিট্টু সোহাগ’ বাহিনীর অন্যতম শ্যুটার হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রেন্টুর বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সে ফিলিপনগরের সাবেক চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। এছাড়াও, গত ৯ই জুন পদ্মার চরে চাঞ্চল্যকর আজিজুল হক ঝড়ু হত্যাকাণ্ডের কিলিং মিশনের অন্যতম সক্রিয় সদস্য ছিল এই রেন্টু।

​শুধু হত্যাকাণ্ডই নয়, এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার, চুরির সিন্ডিকেট চালানো এবং অতি সম্প্রতি ফিলিপনগর কেরানীপাড়ায় এক এনজিও কর্মীর টাকা লুটের ঘটনার সাথেও তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেন্টু দীর্ঘদিন ধরে পলাতক থেকে কুষ্টিয়াসহ পাশ্ববর্তী জেলাগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে বাগে আনতে সক্ষম হয়।

​এলাকার চিহ্নিত এই সন্ত্রাসী ও কন্টাক্ট কিলার গ্রেফতার হওয়ায় ফিলিপনগর ও আশপাশের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানায়, রেন্টুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং তার সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *